মাইকেল ফ্যারাডে ছিলেন বিশ্ববিখ্যাত পদার্থবিদ, রসায়নবিদ ও তড়িৎ প্রকৌশলী। বিদ্যুৎ ও চুম্বকত্বের জগতে তাঁর যুগান্তকারী আবিষ্কার মানবসভ্যতার অগ্রযাত্রায় রেখেছে অসামান্য অবদান। বিদ্যুৎ উৎপাদনের মৌলিক তত্ত্ব আবিষ্কার থেকে শুরু করে বৈদ্যুতিক মোটর, জেনারেটর, চৌম্বকীয় আবেশ, ইলেক্ট্রোলাইসিস, ইলেক্ট্রোপ্লেটিং ও বেনজিন—বিজ্ঞানের নানা ক্ষেত্রে রয়েছে তাঁর গুরুত্বপূর্ণ অবদান।
ফ্যারাডে চৌম্বক ক্ষেত্রের কাঠামো ব্যাখ্যা করেন এবং ‘আলোকের ওপর চৌম্বকের প্রভাব’ আবিষ্কারের মাধ্যমে বিদ্যুৎ ও চুম্বকত্বের সম্পর্ক বোঝার নতুন দিগন্ত উন্মোচন করেন। তাঁর গবেষণার ওপর ভিত্তি করেই পরবর্তীকালে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের বিখ্যাত বিদ্যুৎ-চৌম্বকীয় তত্ত্ব বিকশিত হয়। বেতার ও টেলিগ্রাফ যোগাযোগসহ আধুনিক প্রযুক্তির বিকাশেও তাঁর আবিষ্কারের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
**‘মাইকেল ফ্যারাডে’** বইটিতে **আয়শা সিদ্দিকা** তুলে ধরেছেন এই মহান বিজ্ঞানীর জীবন, গবেষণা ও যুগান্তকারী আবিষ্কারের কথা। বিজ্ঞানমনস্ক পাঠক, শিক্ষার্থী এবং বিখ্যাত বিজ্ঞানীদের জীবন ও কর্ম সম্পর্কে জানতে আগ্রহীদের জন্য বইটি হতে পারে জ্ঞান ও অনুপ্রেরণার উৎস।